প্রকাশিত: Wed, Mar 20, 2024 4:47 PM
আপডেট: Thu, Jun 4, 2026 9:52 PM

[১]ক্রয় কমিটিতে ১৩ প্রস্তাব অনুমোদন ব্যয় ৩ হাজার ৪৩৪ কোটি টাকা

সোহেল রহমান: [১] মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন স্থাপনা ও যন্ত্রপাতি ক্রয় এবং ব্রহ্মপুত্র নদ ড্রেজিংয়ের তিনটি প্রস্তাবসহ ১৩টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৩ হাজার ৪৩৪ কোটি টাকা। 

[২] বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী-এর সভাপতিত্বে ক্রয় কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

[৩] সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোঃ মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, বৈঠকে মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পের ডিজাইন, মানুফ্যাকচারিং, সাপ্লাই অ্যান্ড ইন্সটলাশন অব কন্টেইনার হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট, টার্মিনাল অপারেশন সিস্টেম অ্যান্ড সিকিউরিটি সিস্টেম (প্যাকেজ-২এ) কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। জাপানের মিৎসুই ইক্যুইপমেন্টস অ্যান্ড মেশিনারি এবং টেক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৭৯৯ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৪০৪ টাকা। জাইকার অর্থায়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ প্রকল্প বাস্তবায়ন করছে।

[৪] তিনি জানান, বৈঠকে পুরাতন ব্রহ্মপুত্র নদের ড্রেজিংয়ের (প্যাকেজ-৩, লট-৪) পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের আওতায় ‘পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্য উন্নয়ন ও পুনরুদ্ধার’ প্রকল্পের ড্রেজিং করা হবে। মীর আখতার হোসেন লিমিটেড এবং কনফিডেন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৮২ কোটি ৬৭ লাখ ৩১ হাজার ৯০০ টাকা।

[৫] তিনি জানান, একই প্রকল্পের প্যাকেজ-৩, লট-৫-এর পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড এবং ওরিয়েন্ড টেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৮৭ কোটি ৬২ লাখ ৬৭ হাজার টাকা।

[৬] এছাড়া পুরাতন ব্রহ্মপুত্র নদের ড্রেজিং প্রকল্পের প্যাকেজ-৪, লট-৫ এর পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। নবারুন ট্রেডার্স লিমিটেড এবং অ্যাকুয়া মেরিন ড্রেজিং লিমিটেড যৌথভাবে এটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৬৯ কোটি ২৩ লাখ ৭৩ হাজার ৬৯০ টাকা।

[৭] মাহমুদুল হোসাইন খান জানান, বৈঠকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড ও ২৫ হাজার মেট্রিক টন রক ফসফেট কেনার দুটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।  এর মধ্যে তিনটি লটে ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানি করা হবে। এর মধ্যে প্রথম লটে ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড ৬৩ কোটি ৪৭ লাখ টাকায় কেনা হবে। আর বাকি দুটি লটে ২০ হাজার টন ফসফরিক এসিড ১২৬ কোটি ৯৪ লাখ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।

[৮] তিনি জানান, অন্যদিকে ২৫ হাজার মেট্রিক টন রক ফসফেট ৯৪ কোটি ৫০ লাখ ৯০ হাজার ৫৬২ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে। মেসার্স দেশ ট্রেডিং করপোরেশন থেকে এ সার কেনা হবে। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩৪২ দশমিক ৮৯ মার্কিন ডলার।

[৯] তিনি জানান, বৈঠকে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফাটিলাইজার প্রকল্পের হাউজিং কলোনি ও অন্যান্য স্থাপনা নির্মাণ সংক্রান্ত পূর্ত কাজের জন্য ১২৫ কোটি ১৯ লাখ ৯৫ হাজার ৬৫২ টাকা ব্যয়ের একটি অনুমোদন দেয়া হয়েছে। এ কাজটি করবে তমা কনস্ট্রাকশন। 

[১০] মাহমুদুল হোসাইন খান জানান, সভায় ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ প্রকল্পের (প্যাকেজ-১) পূর্ত কাজের সময় ও ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ৩ হাজার ৬ কোটি ৪ লাখ ৩৮ হাজার ৬৫২ টাকা। এখন নতুন করে ব্যয় বাড়ানো হয়েছে ৯৫১ কোটি ৮৮ লাখ ১ হাজার ৪৭৭ টাকা। ফলে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৭ কোটি ৯২ লাখ ৪০ হাজার ১২৯ টাকা।

সম্পাদনা: সমর চক্রবর্তী